রাজশাহী চিড়িয়াখানা

আধুনিকায়ন ও নতুন পশুপাখি আনার উদ্যোগ 

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজন এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল শুক্রবার চিড়িয়াখানা পরিদর্শন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহজামান খানসহ একটি প্রতিনিধিদল। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাদের চিড়িয়াখানা ঘুরিয়ে দেখান। প্রতিনিধিদল চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক বলেন, নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজন এবং আধুনিকায়নের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে উপস্থাপন করেছি। ইতিমধ্যে প্রতিমন্ত্রী চিড়িয়াখানা পরিদর্শন করে গেছেন। আজ (গতকাল) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। আশা করছি, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা নতুন রূপে সাজানোর কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে।