দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতিবটতলা এলাকায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত টেম্পোর ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেনÑ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৫)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। আহত বিষ্ণু হালদার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের স্বজনরা জানান, এদিন ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির সিএনজিটি বহুতি বটতলা এলাকায় পৌঁছার পর সেখানে আগে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।