১৫ কিলোমিটার রেলপথের ৭ হাজার ক্লিপ-বল্টু চুরি

ঢাকা-পার্বতীপুর-বিরামপুর-চিলাহাটি রেলপথের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৭ হাজার প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে পার্বতীপুর-বিরামপুর অংশে ৮ কিলোমিটার এবং পার্বতীপুর-চিলাহাটি অংশে ৭ কিলোমিটার রেললাইন চরম ঝুঁকিতে পড়েছে। প্রতিদিন এই ব্যস্ত রুটে আন্তঃনগর এক্সপ্রেস, মেইল, লোকাল ও তেলবাহী লরিসহ অন্তত ৩৬টি ট্রেন চলাচল করে। অথচ উদ্বেগজনক বিষয় হলো, প্রতি সপ্তাহেই এই দুই রুটে দুই থেকে তিনবার প্যান্ডেল ক্লিপ ও ফিসপ্লেট চুরি হচ্ছে।

রেল সূত্র জানিয়েছে, গত এক বছরে ঢাকা-পার্বতীপুর-বিরামপুর রেলপথে ১৪ লাখ ৭০ হাজার টাকার প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরি হয়েছে। প্রতিনিয়ত এই রেললাইনের প্যান্ডেল ক্লিপ, বোল্ট ফিস প্লেটসহ অন্যান্য উপকরণ চুরি হচ্ছে। গত ২৫ আগস্ট রাতে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশনের গোডাউন থেকে ২ লাখ ৮৬ হাজার টাকার প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট, ফিসপ্লেট, হ্যামার, হাতুড়ি, শাবল ও চার্জার টর্চলাইটসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।

রেললাইনের প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরি ঠেকাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) কার্যালয়। এর আওতায় পার্বতীপুর-বিরামপুর রেলপথের ৮ কিলোমিটার পাহারায় প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একজন মিস্ত্রির নেতৃত্বে ১১ সদস্যের ওয়েম্যান দল দায়িত্ব পালন করছে। একইভাবে পার্বতীপুর-চিলাহাটি রেলপথের ৭ কিলোমিটারে নিয়োজিত রয়েছে ৮ সদস্যের আরেকটি দল। তবে দিনের বেলা এই কঠোর নজরদারি থাকলেও, রাতের আঁধারে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চুরি হয়ে যাচ্ছে রেলের এসব মূল্যবান সরঞ্জাম।

রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, রেলপথের কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় রেললাইন থেকে প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেটসহ লাখ লাখ টাকার সম্পদ চুরি হয়ে গেল।  

গত বৃহস্পতিবার দুপুরে মেইন রেলপথের প্যান্ডেল ক্লিপ, ফিস বোল্ট ও ফিসপ্লেট চুরির বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুরে কর্মরত রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ (পিডাব্লউ আই) শেখ আল আমিন দেশ রূপান্তরকে বলেন, রাতের বেলা মধ্যপাড়া পাথরখনি-ভবানীপুর ১৩ কিমি রেললাইন ২০/২৫ জনের একটি দল পাহারা দিচ্ছে। আবার ওই লোকগুলো দিয়ে ১৫ কিমি মেইন রেললাইন পার্বতীপুর-বিরামপুর এবং পার্বতীপুর-চিলাহাটি রেলপথে দিনের বেলা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তারপরও রেলপথের কাজের রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। জনবলের চাহিদা দিয়ে চিঠিপত্র দিয়েছি। এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এসব ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একাধিক চুরির মামলা দায়ের করা হয়েছে।  

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ থানায় নতুন যোগদান করেছি, চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।