ইন্টারনেট ব্যবসা দখলে নিতে আশিক বাহিনীর হুমকি

রাজধানীর মিরপুরে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে মো. নওশাদ নামে এক ব্যবসায়ীর কাছে কয়েক লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দিয়েছে ‘আশিক বাহিনী’। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. নওশাদ।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে তিনি ইন্টারনেট ব্যবসা করছেন। তার ব্যবসার নাম ‘মপটা ফোর’। এক বছর ধরে তারা ব্যবসা দখলে নিতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কখনো সরাসরি, কখনো মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক ফোন করে বলেন, ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে। ব্যবসা চালাতে হলে তাদের এখন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এভাবে সন্ত্রাসী গ্রুপগুলো আমার পরিবারের সদস্যদেরও প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

নওশাদের অভিযোগ, ব্যবসা দখলে নিতে ডিবি পুলিশ দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ ও অস্ত্র আছে বলে ডিবি পুলিশকে ভুল বোঝানো হয়। পরে তাদের সব খুলে বললে ডিবি তদন্ত করে দেখে এসবের সত্যতা নেই। তখন ডিবি পুলিশ আমাকে ছেড়ে দেয়। আশিক বাহিনী সবকিছুতে ব্যর্থ হয়ে আমার ব্যবসা দখলে নিতে কয়েকদিন আগে মিরপুরের এক মাদক ব্যবসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও বানিয়ে ছাড়ে। এ ছাড়া, বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়।