দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০০ জন এবং হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৬০ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং সিলেটের তিনজন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৪৭ জনের।