রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।
এডিসি জুয়েল বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেডে সম্প্রতি প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে। হামলার নেপথ্যে ছিল পরকীয়ার ঘটনা। আহত হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। ওই নারী পরে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং তাকে বিয়ে করেন। ঘটনার তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। এর মধ্যে মুন্নার সঙ্গে ওই নারীর বিচ্ছেদ ঘটে। পরে তিনি আবার হৃদয়ের সঙ্গে গোপনে সম্পর্ক জড়ান। বিষয়টি জানতে পেরে মুন্নাকে ফোন করে হৃদয়কে হুমকি এবং তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন। কিন্তু হৃদয় যোগাযোগ চালিয়ে যান। সম্প্রতি হৃদয় ছুটিতে দেশে এসেছেন শুনে তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন মুন্না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে কিশোর গ্যাংয়ের হোতা মুন্নাসহ চারজনের নামে মামলা করেন।