বাউফলে বিষক্রিয়ায় ৩ মহিষের মৃত্যু, অসুস্থ প্রায় ৩০

পটুয়াখালীর বাউফলে খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করায় কৃষকদের তিনটি মহিষ মারা গেছে এবং বিষক্রিয়ায় অসুস্থ অবস্থায় রয়েছে প্রায় ৩০টি মহিষ। এতে হতদরিদ্র কৃষকরা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ চরাঞ্চলের কৃষক বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, চান্দু খান, বশির ফকির, মিরাজ ফকির, কবির, শাহজাহান, রিপন, শাহিন, সুজন ও জাহাঙ্গীরের প্রায় ত্রিশটির অধিক মহিষ গোয়ালঘরে প্রবেশ করে খাদ্য গ্রহণের পর অসুস্থ হয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে ৩টি মহিষ মারা যায়। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন। অসুস্থ মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রাণিসম্পদ অফিস।

অভিযোগ উঠেছে, চরাঞ্চলের যে মাঠে কৃষকদের মহিষ চড়ানো হয়, সেই মাঠের ঘাসে বিষ ছিটিয়ে দেওয়া হয়ে‌ছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সরেজমিন পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা, তিনি বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।