সারাদেশে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব লুট হওয়া অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে সরকার ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে বলেও জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র কোথাও মজুত রয়েছে বা কারও কাছে আছে—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় কর্মক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য বিষয়ের চাহিদার কথা তুলে ধরেন। এসব বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।