কৃষক স্বাবলম্বী হলে অর্থনীতি শক্তিশালী হবে: এনাম

দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। আর কৃষির প্রাণ হচ্ছে আমাদের কৃষক। কৃষক স্বাবলম্বী হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারন উর রশীদের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে এনামুল হক এনাম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষকের উৎপাদন বাড়ানো ও তাদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে সার, উন্নতমানের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রদান করা হবে। কৃষক যেন ফসল উৎপাদন করতে গিয়ে কোনোভাবেই ক্ষতির মুখে না পড়েন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে নজর দিতে হবে। কৃষকের দোরগোড়ায় সময়মতো উন্নতমানের বীজ, সার, সেচ সুবিধা ও আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে হবে। 

কৃষিকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে নয়, একটি লাভজনক ও আধুনিক খাত হিসেবে গড়ে তুলতে হবে। আজ কৃষকদের মাঝে যে সার ও উন্নতমানের বীজ বিতরণ করা হচ্ছে, তা ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিতে হবে। 

এ সময় তিনি আরো বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আধুনিক কৃষি পদ্ধতি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে একই জমিতে অধিক ফসল উৎপাদন করতে হবে। পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো এবং উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, কৃষি, সেচ, কৃষি উপকরণ, যোগাযোগ ব্যবস্থা ও বাজারজাতকরণসহ কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এমপি এনাম বলেন, পটিয়ার কৃষকরা ধান, সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এসব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে। কৃষক সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হতে পারলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পাবেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকেও আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ডিজিটাল কৃষি, কৃষি যন্ত্রপাতির ব্যবহার, উন্নত জাতের বীজ ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগিয়ে কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খোরশেদ আলম,শফিকুল ইসলাম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, ইসমাইল হোসেন প্রমুখ।