ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে একটি সেতুর সংস্কারকাজের কারণে তৈরি হওয়া দীর্ঘ যানজট প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

সংস্কার হওয়া লেনটি আজ শনিবার (২৯ আগস্ট) খুলে দেওয়ার পর যানজট কমতে শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম দুপুরে জানান, গতকাল শুক্রবার ভোরে আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি সেতুর গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এ কারণে একটি লেন বন্ধ রাখায় মহাসড়কের ওই অংশ থেকে কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছিল।

ওসি শফিউল আলম বলেন, সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার ভোর থেকে সেটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় ৫ মিটারের গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময়ের প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।