কৃত্রিম সারের সংকটে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, দেশে স্যারের কোনো সংকট নেই, কিছু দুষ্কৃতিকারী সংকট তৈরি করছে। পর্যাপ্ত মজুত থাকার পরও কেউ কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এরকম কৃত্রিম সারের সংকট যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার হলরুমে ফরিদপুরের পেঁয়াজ ও পাট চাষীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অত্যন্ত ভালো। এ কারণে অন্যান্য অনেক এলাকার তুলনায় এখানে চাষাবাদে তুলনামূলক কম পরিমাণে সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব।
কৃষিমন্ত্রী বলেন, ফরিদপুর অঞ্চলে পেঁয়াজ ও পাট চাষাবাদ খুব ভালো হয়। তবে আগামী দিনে পেঁয়াজ ও পাট বীজ উৎপাদন করে দেশকে স্বাবলম্বী করার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।