চট্টগ্রাম

আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।