মুনোজের 'রকেট' শটে ফরেস্টের কাছে হার বাঁচালো লিভারপুল

আবার পয়েন্ট হারাল লিভারপুল। ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে অলরেডরা। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিগে প্রথম জয় পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে অলরেড সমর্থকদের। এর আগে গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডে গিয়েও ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছিল দলটি।
 
অ্যানফিল্ডেখেলার শুরু থেকেই ফরেস্টের আক্রমণাত্মক ফুটবলের সামনে রক্ষণভাগে চাপ সামলাতে হয় লিভারপুলকে। ম্যাচের ২৪ মিনিটে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে নেন ড্যান এনডোয়ে। নটিংহ্যাম গোলরক্ষক মাটস সেলসের লং বল ধরে মর্গান গিবস-হোয়াইটের সহায়তায় নিখুঁত শটে বল জালে জড়ান এনদোয়ে।

এর কিছুক্ষণ পর ফ্লোরিয়ান উইর্টজের নেওয়া এক শট জেরোমি ফ্রিমপং অফসাইডে থাকায় বাতিল হয়। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।'
 
বিরতির পর কিছুটা গতি ফেরে লিভারপুলের খেলায়। ৬০ মিনিটে বাঁ দিক থেকে কোডি গাকপোর দারুণ ক্রস ফাঁকায় পেয়ে লিভারপুলকে সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক।

তবে স্বাগতিকদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই বক্সের ভেতরে ফরেস্টের লিয়াম ডেল্যাপের থ্রো-ইন থেকে পাওয়া বলে সাবেক লিভারপুল ডিফেন্ডার নেকো উইলিয়ামসকে ফাউল করে বসেন অলরেড গোলরক্ষক অ্যালিসন বেকার। পেনাল্টি থেকে গোল করে নটিংহ্যামকে ২-১ ব্যবধানে ফের এগিয়ে দেন গিবস-হোয়াইট।

পিছিয়ে পড়ে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরাওলার দল। ৮২ মিনিটে আসে সেই বহু প্রতীক্ষিত গোল। ফ্লোরিয়ান উইর্টজের থ্রু-বল বক্সে পান সাড়ে ৩৪ মিলিয়ন পাউন্ডে ক্লাবে আসা নতুন স্প্যানিশ সাইনিং ভিক্টর মুনোজ। বল ধরে ঘুরে জোরালো শটে অ্যানফিল্ডের সমর্থকদের উল্লাসে ভাসান তিনি।
 
শেষের দিকে ডোমিনিক সোবোসলাইয়ের একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অলরেডদের।
 
টানা দুই ম্যাচে ড্রয়ের পর দলের ধার বাড়াতে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে ১২৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যানফিল্ডে আনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।