ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মজনু মিয়া (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মজনু মিয়া একই এলাকার মৃত আবদুল হকের ছেলে। শনিবার দুপুরে পানি সেচ দেওয়ার জন্য নিজ ঘর থেকে মোটরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মজনু মিয়া মারা যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।