গাজীপুরে ধর্ষণের শিকার শিশুর পাশে নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল

ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ ও নির্দেশনায় গাজীপুর মহানগর সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু খাদিজার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন ডা. মাজহারুল আলম। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের সার্বিক সহায়তার বিষয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ অনুযায়ী সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শিশুটির চিকিৎসা, পরবর্তী স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তায় সেলটি পাশে থাকবে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মার্চ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেলটি গঠন করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে সেলটির কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চিকিৎসক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সেল প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।