ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রামে ‘ঈদে মিলাদুন্নবী’ উদযাপন

চট্টগ্রামের ক্রিয়েটিভ নার্সিং কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘ঈদে মিলাদুন্নবী’ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে সবাইকে তাঁর আদর্শ অনুসরণ ও প্রতিপালনে সচেষ্ট হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমাম হোসেন। এ সময় কলেজের সব শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশেষ বয়ান করেন সেন্ট্রাল প্লাজা মসজিদের সহকারী খতিব মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। আলোচনার শুরুতে তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুযায়ী জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে জীবন পরিচালনার আহ্বান জানান।

পরিশেষে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পেশ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষ হয়।