সংসদ অভিমুখে পদযাত্রায় ১১ দলের সমর্থন 

আগামীকাল রবিবার ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতে এ সমর্থনের কথা জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রটারী জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। 

বিবৃতিতে তিনি বলেন, রবিবার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও  স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে। সেখান থেকে মিছিল সহকারে  সংসদ ভবনের সামনে  উপস্থিত হয়ে স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

বিবৃতিতে বলা হয়, এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে  কর্মসূচীকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।