গুজব-অপপ্রচারের বিরুদ্ধে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ শনিবার(২৯ আগষ্ট) রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গুজব ও অপপ্রচার কোনো রাজনৈতিক আদর্শের ভাষা হতে পারে না। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—সত্যকে আড়াল করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তি, তথ্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সব ধরনের অপপ্রচারের জবাব দেবে। দেশের ছাত্রসমাজকে গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।