স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন তথ্য দিলে পুরস্কার

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে বিশেষ ইউনিট ও তথ্য দিলে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে বড় অঙ্কের আর্থিক পুরস্কার সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি, আইজিপিসহ বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও জনবান্ধব ও দক্ষ বাহিনীতে পরিণত করতে কাজ চলছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটটি এরই মধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্রের বাতিলকৃত লাইসেন্স জমা দেওয়া হয়নি, সেগুলোকে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা হয়েছে এবং সেগুলো উদ্ধারে অভিযান চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভারী অস্ত্র উদ্ধারের জন্য তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের সর্বোচ্চ ২ লাখ টাকা, পিস্তল, রিভলবার বা শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার এবং সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ারগ্যাস শেল ও অন্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে খবর দিলে তাদের ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।