ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সংস্কারকাজের কারণে ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা ছাড়িয়ে বুড়িচং উপজেলার নিমসার থেকে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচর ব্রিজ পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং পণ্যবাহী গাড়ির শ্রমিকরা। এর মধ্যে অ্যাম্বুলেন্সেই এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকামুখী লেনে সড়ক সংস্কারের কাজ শুরু করে কর্তৃপক্ষ। এতে মহাসড়কের একটি লেন বন্ধ হয়ে গেলে থমকে যায় হাজার হাজার যানবাহনের গতি। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকের পাশাপাশি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহন চরম ভোগান্তিতে পড়ে।
গতকাল মানুষজনকে দীর্ঘ সময় অসহনীয় গরমের ভেতরে আটকে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তি হয় নারী ও শিশুদের। অনেককে দেখা যায়, গরম থেকে বাঁচতে মহাসড়কের পাশের গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে। মহাসড়কের আশপাশের হোটেল-রেস্তোরাঁগুলোতে চাপ লক্ষ করা গেছে। অনেক যাত্রীই উল্টো পথে চারগুণ ভাড়া দিয়ে অটোরিকশা, সিএনজি দিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে। এদিকে রাতে যানজটে আটকে থাকা যাত্রীদের ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এশিয়া লাইনের বাসচালক রিপন মিয়া গতকাল জানান, আগের রাতে তার বাসের ৪ যাত্রীকে ডেকে নিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
গতকাল শনিবার দুপুর ১টার পর ধীরে ধীরে যানবাহনের গতি কিছুটা বাড়ে। এর আগে শুক্রবার রাতেও মহাসড়কে তীব্র যানজট ছিল।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে দুই লেনের এক লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। ফলে লেনে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়ে যানজট তৈরি হয়।
যানজটে আটকে থাকা বাসযাত্রী ইমরান হোসেন জানান, রাত থেকেই বাসে আটকে আছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো ধারণা নেই। বাসের ভেতরে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি বলে জানান তিনি।
মহাসড়কে আটকাপড়া মিয়ামী পরিবহনের বাসচালক মিজানুর রহমান গতকাল সকাল ১০টার দিকে বলেন, ‘সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দিতে এসে আটকে আছি। গাড়ি এক ইঞ্চিও নড়ছে না।’
এশিয়া লাইন পরিবহনের চালক আনোয়ার হোসেন জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরোটাই যানজট। প্রায় তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস নিয়ে আটকে আছেন তিনি।
অ্যাম্বুলেন্সেই নারী রোগীর মৃত্যু : শুক্রবার রাতে মহাসড়কের দাউদকান্দি এলাকায় যানজটে আটকেপড়া একটি অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা (৬০) নামে এক নারী রোগী। আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
রোগীর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাতে আমিরুন্নেছা গুরুতর হৃদরোগে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় রাত ৮টার দিকে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। কিন্তু রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। একপর্যায়ে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছা মারা যান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমিরুন্নেছা নামের কোনো রোগী চিকিৎসা নিতে উপজেলা হাসপাতালে এসেছিলেন এমন তথ্য তার জানা নেই।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, যানজট চান্দিনা পার হয়ে বুড়িচং উপজেলার নিমসার পর্যন্ত পৌঁছে যায়। তবে গাড়ি একদম থেমে না থেকে ধীরগতিতে চলছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
সার্বিক বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় দুই লেনের এক লেনে জরুরি সংস্কারকাজ চলায় এবং এক লেন দিয়ে ধাপে ধাপে গাড়ি ছাড়ায় এই জটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানবাহনের চলাচল সচল রাখতে হাইওয়ে পুলিশ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।
সার্বিক বিষয় নিয়ে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।