খেলা ও শিক্ষা নিয়ে নাফীসের নতুন বই

ক্রিকেটের বাইরে নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস। পেশাদার ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন নাফীস। গতকাল মিরপুরে বেশ জাঁকজমকপূর্ণভাবে তার এবং এইচ এম আতিফ ওয়াফিকের যৌথভাবে লেখা ‘প্লে অ্যান্ড স্টাডি, উইনস দ্য রেস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মূলত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরা হয়েছে এই বইয়ে।

একজন শিক্ষার্থীর জীবনে সাফল্যের জন্য সব থেকে বেশি প্রয়োজন পড়াশোনা নাকি খেলাধুলা? প্রশ্নটি শুনতে সহজ মনে হলেও এর উত্তর নিয়ে দীর্ঘদিন ধরেই সমাজে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে। অনেক পরিবারেই ভালো ফলাফলের জন্য খেলাধুলাকে সময়ের অপচয় হিসেবে দেখা হয়। আবার খেলাধুলায় আগ্রহী অনেক শিশুর ক্ষেত্রেও পড়াশোনাকে দ্বিতীয় সারিতে রাখার প্রবণতা দেখা যায়। এই দুই ধারণার বাইরে গিয়ে পড়াশোনা ও খেলাধুলাকে একই সঙ্গে একজন মানুষের বেড়ে ওঠার অংশ হিসেবে দেখেছেন দুজন লেখক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাফীস জানান, প্রায় চার বছর ধরে এই বইয়ের তথ্য সংগ্রহ করেছেন তারা। যেখানে ৩৫ থেকে ৩৭ জন খেলোয়াড় ও অ্যাথলেটের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইটির উদ্দেশ্য ব্যাখ্যা করে নাফীস বলেন, “মূল উদ্দেশ্য ছিল একটাই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, ‘পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।’ কিন্তু সেই ধারণাটাকে একটু ভিন্নভাবে তুলে ধরা ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে।’ সেখান থেকেই একাডেমি ও অ্যাথলেট এই দুই ক্ষেত্রকে কীভাবে এক জায়গায় আনা যায়, সেই ভাবনা থেকেই মূলত বইটি তৈরি করা।”

শুধু খেলাধুলার দিকে ঝুঁকে পড়াশোনায় পিছিয়ে না যাওয়ার বিষয়টিও বইটির অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন আরেক লেখক আতিফ, ‘আমরা চাই, অন্তত এই প্রজন্মকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি তুলে ধরতে। আমাদের প্রজন্মের যারা খেলাধুলার সঙ্গে আসছে, তারা যেন পড়াশোনায় পিছিয়ে না যায়। সবকিছু মিলিয়ে গত চার বছর ধরে এটা আমাদের ছোট্ট একটা চেষ্টা।’

বইটিতে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটার, ফুটবলার, কোচসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের গল্প রয়েছে। পাশাপাশি এমন কিছু মানুষের গল্পও রাখা হয়েছে, যারা একসময় সম্ভাবনাময় ক্রিকেটার বা ক্রীড়াবিদ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেননি। তাদের জীবনে পড়াশোনা কীভাবে কাজে এসেছে, সেটিও তুলে ধরা হয়েছে। এ নিয়ে নাফীস বলেন, ‘আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছি। তাদের জিজ্ঞেস করছি এই বইটা আপনারা যখন পড়বেন ইনশাল্লাহ তখন দেখবেন যে এই বইয়ের মধ্যে ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে, ফুটবলার আছে, ক্রিকেটার আছে, কোচ আছে।’

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের পরিচিত কয়েকজন ব্যক্তিও বইটিতে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার

অ্যালেন ডোনাল্ড, বিশ্বকাপজয়ী কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের ক্রিকেট প্রশাসক ক্যাথরিন ক্যাম্পবেল এবং অলিম্পিক অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন ক্যাথি ফ্রিম্যানের কোচ জন কুইন।