আলকারাজকে নিয়ে শুরু হচ্ছে ইউএস ওপেন

নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে আজ থেকে গড়াতে যাচ্ছে বছরের শেষ ও অন্যতম বর্ণিল গ্র্যান্ড সø্যাম টুর্নামেন্ট ইউএস ওপেন। এবারের আসরটিকে ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ আর অনিশ্চয়তার অদ্ভুত মিশ্রণ। একদিকে বিশ্বমানের তারকাদের চোটের ধাক্কা ও দীর্ঘ দিন পর কোর্টে ফেরার চ্যালেঞ্জ, অন্যদিকে নতুনদের উত্থান ও রেকর্ড গড়ার লড়াই সব মিলিয়ে এক জমজমাট আসরের অপেক্ষায় টেনিস দুনিয়া।

পুরুষ এককে এবার সবচেয়ে বড় চমক বিশ্ব নম্বর ওয়ান ইয়ানিক সিনারের অনুপস্থিতি। ডান হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামছেন আলেকজান্ডার ভেরেভ।

ডান কবজির চোটের কারণে চার মাসেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ২৩ বছর বয়সী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন মিস করার পর সরাসরি হার্ডকোর্টের এই মেগা আসরে নামছেন তিনি। চোটের সময়ের মানসিক চাপ নিয়ে আলকারাজ বলেন, ‘প্রথম দিকে অনিশ্চয়তা নিয়ে মাথাচাড়া দেওয়া নেতিবাচক চিন্তাগুলো সামলানোই ছিল সবচেয়ে কঠিন।’ তবে নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলাতেই ভরসা রাখছেন তিনি, ‘আপনারা সেই পুরনো চার্লিটোসকেই তার চেনা রূপেই দেখতে পাবেন। নিজেকে কোনো নির্দিষ্ট সীমানায় না বেঁধে কেবল মাঠে নামতে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’

৩৯ বছর বয়সে দাঁড়িয়ে ২৫তম গ্র্যান্ড সø্যাম জিতে সর্বকালের একক রেকর্ড গড়ার মিশন নিয়ে নামছেন চারবারের ইউএস ওপেন বিজয়ী নোভাক জকোভিচ। আলকারাস ও সিনারের সাম্প্রতিক আধিপত্যের মধ্যেও নিজের আত্মবিশ্বাসে কমতি নেই সার্বিয়ান মহাতারকার। সম্প্রতি নিজের এক প্রামাণ্যচিত্রে তিনি তুলে ধরেন সার্বিয়ানদের বিশেষ মানসিক শক্তি ‘ইনাত’। জকোভিচ বলেন, “যখন মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করে এবং সবাই আপনার বিপক্ষে যায়, তখনই সেই ‘ইনাত’ বা জিদকে কাজে লাগিয়ে সবাইকে ভুল প্রমাণ করতে হয়।” শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে এ বছর ফ্রেঞ্চ ওপেন জেতা আলেকজান্ডার ভেরেভকে। পাশাপাশি ২৩ বছরের দীর্ঘ শিরোপা খরা কাটাতে প্রস্তুত স্বাগতিক আমেরিকার বেন শেলটন, ফ্রান্সেস টিয়াফো এবং টেইলর ফ্রিটজের মতো তারকারা।

নারী এককে টানা তৃতীয়বারের মতো শিরোপা (২০১২-১৪ মৌসুমে সেরেনা উইলিয়ামসের পর প্রথম) উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়ে নামছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। সম্প্রতি কিছু টুর্নামেন্টে আশানুরূপ পারফর্ম না করায় এবং অফ-কোর্টে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই বেলোরুশিয়ান তারকা। তবে এসব সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমার খেলা নিয়ে যাদের প্রশ্ন আছে সমস্যা হয়তো আমার খেলায় নয়, মানুষের মানসিকতায়! এই কঠিন শিক্ষাগুলো আমাকে আরও শক্তিশালী করবে। চ্যালেঞ্জ যত বড় হবে, আমি ততটাই শক্তভাবে ঘুরে দাঁড়াব।’