ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর দলবদলের তোড়জোড় শুরু করেছে বসুন্ধরা কিংস। আসন্ন ২০২৬-২৭ মৌসুমে ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখতে একের পর এক তারকা ফুটবলারকে দলে টানছে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার পরিচিত মুখ ‘ভুটানের রোনালদো’খ্যাত চেনচো জিয়েলশেন এবং নেপাল জাতীয় দলের তিন ফুটবলারকে দলে টেনেছে তারা।
কিংসের ওপর ফিফার ১৪টি ট্রান্সফার নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে ১১টি আগেই সমাধান করেছিল ক্লাব কর্র্তৃপক্ষ। শুক্রবার রাতে বাকি তিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয় ফিফা। বিশ^ ফুটবল সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটেও বিষয়টি হালনাগাদ করা হয়েছে। ফলে নতুন মৌসুমের দলবদল ও ক্লাব লাইসেন্সিংয়ে অংশ নিতে আর কোনো বাধা নেই কিংসের। নিষেধাজ্ঞা কাটতেই তাদের দলের বড় সংযোজন ভুটানের তারকা চেনচো জিয়েলশেন। ভুটান জাতীয় দলের ৭ নম্বর জার্সির এই ফরোয়ার্ড দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৫ গোল। ভারতের শীর্ষ লিগের বিভিন্ন ক্লাবে খেলার পাশাপাশি বাংলাদেশের ফুটবলেও রয়েছে তার অভিজ্ঞতা। ২০১৬ সালে চট্টগ্রাম আবাহনীর হয়ে মাত্র সাত ম্যাচে পাঁচ গোল করেছিলেন তিনি।
চেনচোর সঙ্গে সাফ অঞ্চলের আরও তিন তারকাকে দলে নিয়েছে কিংস। তারা হলেন নেপালের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত চাঁদ এবং দুই উইঙ্গার মানিশ দাঙ্গি ও অঞ্জন বিস্তা। বিশেষ করে ২৮ বছর বয়সী অঞ্জন বিস্তা গতি, ড্রিবলিং, ক্রস ও ফিনিশিংয়ের জন্য পরিচিত। তার অন্তর্ভুক্তি কিংসের আক্রমণভাগকে আরও বৈচিত্র্যময় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাফ অঞ্চলের ফুটবলারদের স্থানীয় বা দেশি কোটায় খেলানোর নতুন নিয়মের সুবিধা নিচ্ছে কিংস। ফলে এই চার ফুটবলারকে বিদেশি কোটা ছাড়াই ব্যবহার করতে পারবে তারা।
এদিকে দেশি খেলোয়াড় সংগ্রহেও সক্রিয় কিংস। ঢাকা আবাহনী থেকে জাতীয় দলের মিডফিল্ডার কাজেম শাহকে দলে ভিড়িয়েছে তারা। সব মিলিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে কিংসের দলবদল অভিযান যে বেশ জোরেশোরেই শুরু হয়েছে, তা স্পষ্ট। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার তাই আরও শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে যাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়নরা।