১ হাজার গোলের পাহাড়চূড়ায় পৌঁছাতে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের ৯৭৮তম গোলটি করে পর্তুগিজ মহাতারকা আবারও বিশ্ববাসীকে মনে করিয়ে দিলেন, বয়স বুড়োর কাতারে গেলেও তার গোলের ক্ষুধা একটুও ফুরায়নি। সৌদি প্রো লিগে আল তাওউনের বিপক্ষে পিছিয়ে পড়েও নিজের জাদুকরী পারফরম্যান্সে ২-১ ব্যবধানে ম্যাচ জিতিয়ে পয়েন্ট টেবিলে আল নাসরের শীর্ষস্থান শক্ত করেছেন সিআরসেভেন।
১১ মিনিটে প্রতিপক্ষ এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে সামু কস্তার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৫০ মিনিটে আসে সেই কাক্সিক্ষত মাহেন্দ্রক্ষণ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের আক্রমণে বল ডি-বক্সে পড়ার পর মোহামেদ সিমাকানের শট থেকে আসা বল অবিশ্বাস্য এক ব্যাকহিল ফ্লিকে জালে জড়িয়ে দেন রোনালদো। ডিফেন্ডাররা যখন হতবাক, তখন চিরচেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে উল্লাসে মেতে ওঠেন সিআরসেভেন। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় গোল।