ফরিদপুর জেলার ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা (২৩), হেমায়েত মোল্যার ছেলে নয়ন (২০) এবং সজীব (২০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পর বন্ধু ছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সবুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সবুজকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপর দিকে সবুজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনও শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।