সিরাজগঞ্জে শতাধিক উদ্যোক্তাকে নিয়ে ‘উদ্যোক্তা মিলনমেলা’

নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা মিলনমেলা-২০২৬’। এতে জেলার শতাধিক উদ্যোক্তার পাশাপাশি ঢাকা থেকে আসা ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী ‘স্মার্ট ট্যুরিজম ও উদ্যোক্তা সিরাজগঞ্জ’ ফেসবুক গ্রুপের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও সিরাজগঞ্জ ইনফো ডটকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘স্মার্ট ট্যুরিজম’-এর প্রতিষ্ঠাতা মো. আসলাম উদ্দিন।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়

মিলনমেলায় সিরাজগঞ্জের ব্যবসা, বিনিয়োগ, শিল্পায়ন, কৃষি ও পর্যটনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা। বিশেষ করে সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে ঘিরে স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনা এবং যমুনা নদীকেন্দ্রিক পর্যটন বিকাশে বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনোয়ার হোসেন সিরাজগঞ্জের শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরেন। উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইকোনমিক জোনের সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর ও সিরাজগঞ্জ ইনফোর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল সাফি উদ্যোক্তাদের কার্যকর নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঢাকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তৈরি হলে সিরাজগঞ্জের ব্যবসায়িক সম্ভাবনা আরও দৃশ্যমান হবে।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না যমুনা নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা তুলে ধরেন। স্থানীয় উদ্যোক্তারা উদ্যোগী হলে দেশের বিভিন্ন এলাকার বিনিয়োগকারীরা এ অঞ্চলের পর্যটনে আগ্রহী হবেন বলে মন্তব্য করেন তিনি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক তানভীর মাহমুদ পলাশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং চেম্বারের সদস্য হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করেন। ইনভেস্টমেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন এমডি কাওসার উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক আস্থা তৈরির বিষয়ে পরামর্শ দেন।

এ ছাড়া প্রযুক্তি ও ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করেন এডলজির দুই প্রতিষ্ঠাতা আরিফুর রহমান ও মিজানুর রহমান সোহেল। সারাবাংলার নিউজ এডিটর ও ‘সমধারা’র সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ উদ্যোক্তাদের সফলতা তুলে ধরতে উন্নয়নমুখী প্রতিবেদন ও গণযোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

সোলার ব্যবসায়ী রাবাহ আল কায়েস শুভ বিকল্প বিদ্যুতের সম্ভাবনা নিয়ে কথা বলেন। দেশ রূপান্তরের বিজনেস রিপোর্টার নাজমুল ইসলাম উদ্যোক্তাদের এসএমই ঋণ এবং ব্যবসার প্রচারে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া ভিলেজ ভিশনের শরীফ খন্দকার, তরুণ ব্যবসায়ী জিল্লুর তালুকদার, চরকৃষি গবেষক সাইফুল ইসলামসহ স্থানীয় উদ্যোক্তারা বক্তব্য দেন।

আয়োজনে সিরাজগঞ্জ ইনফো ডটকমের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। কৃষিতে টুক্কু মোক্তার, পর্যটনে মো. আসলাম উদ্দিন, নারী উদ্যোক্তা হিসেবে ইফফাত সোলায়মান, শিক্ষা ও সামাজিক ব্যবসায় মো. শাহীন রেজা অপূর্ব, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মো. আবুল হোসেন এবং ইনোভেশনে ‘চরকৃষি দল’ সম্মাননা পায়।

দিনব্যাপী আয়োজনে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক সেমিনার, যমুনায় নেটওয়ার্কিং ক্রুজ, ইকোপার্ক ভিজিট, ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।

উন্মুক্ত মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় ‘উদ্যোক্তা মিলনমেলা-২০২৬’। আয়োজনে অংশ নেওয়া উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও গণমাধ্যমকর্মীরা সিরাজগঞ্জের ব্যবসা ও অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।