মুধুমতিতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে মুধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর রাব্বি বিশ্বাস নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার বারাইল গ্রামের পাশে নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাব্বি বিশ্বাস (৭) নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ২৭ আগস্ট বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে রাব্বি। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতি নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।