দলবদলের বাজারে একের পর এক চমক দেখাচ্ছে নিষেধাজ্ঞামুক্ত বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলের সফলতম ক্লাবগুলোর একটি এবার শিবিরে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কেপ ভার্দের তারকা উইঙ্গার দিয়াজ কোরেইয়া, যিনি ফুটবলবিশ্বে ‘বেবে’ নামে পরিচিত।
৩৬ বছর বয়সী এই পর্তুগিজ বংশোদ্ভূত ফুটবলার ২০২৬-২৭ মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠে নামবেন। ক্লাবটির বিশ্বস্ত সূত্রে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবারের দলবদলে এটিই কিংসের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
কেপ ভার্দেকে বিশ্বকাপের মূল পর্বে নিতে বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেবে। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের নজরকাড়া পারফরম্যান্সেও ছিল তার অবদান। ২০২২ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২৬ ম্যাচে ছয় গোল করেছেন এই উইঙ্গার। পর্তুগালে জন্ম ও বেড়ে ওঠা বেবে দেশটির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। সেই পর্যায়ে ছয় ম্যাচে মাঠে নামলেও পর্তুগালের সিনিয়র জাতীয় দলে আর সুযোগ পাননি। পরে কেপ ভার্দের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।
ক্লাব ফুটবলে বেবের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ ক্লাব ভিক্টোরিয়া এসসিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রিমিয়ার লিগের জায়ান্টরা তাকে দলে নেয়। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে নিয়মিত খেলার সুযোগ পাননি তিনি। এরপর তাকে তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে ধারে পাঠানো হয়। স্পেনের রায়ো ভালেকানোর হয়ে সবচেয়ে বেশি সময় খেলেছেন বেবে। বর্তমানে স্প্যানিশ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ-১ লিগের দল ইউনিয়ন দেপোরতিভার ইবিজায় খেলছেন তিনি।