২৯ দিনে প্রবাসী আয় ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

আগস্ট মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র পাওয়া গেছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার (৩০ আগস্ট) এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। আর চলতি বছরে একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।