ফরিদপুর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

ফরিদপুর ও কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী এবং ৩ জন অটোরিকশা যাত্রীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) এই দুর্ঘটনা দুটি ঘটে।

ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার ভাঙ্গায় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা (২৩), হেমায়েত মোল্যার ছেলে নয়ন (২০) এবং সজীব (২০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিনজন পরস্পর বন্ধু ছিলেন। তারা একটি মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই সড়কে ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়ন ও সবুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে নয়ন ও সবুজকে রাতেই ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। অপর দিকে সবুজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।

‎ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া অজ্ঞাত যানবাহনটি এখনও শনাক্ত করা যায়নি। যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনির মৃত্যু হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।