ডাকসুর উদ্যোগে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে।

শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে এ ল্যাব স্থাপন করা হয়।

আজ রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ারসহ হলের শিক্ষার্থীরা।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ল্যাবটি শিক্ষার্থীদের বহুমুখী প্রয়োজন পূরণে ব্যবহৃত হবে। বিশেষ করে একাডেমিক কাজ, অ্যাসাইনমেন্ট ও গবেষণার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ল্যাবটি শিক্ষার্থীদের জন্য একটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহারের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ও শিক্ষাসামগ্রী সহজে ব্যবহারের সুযোগ পাবেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর অংশ হিসেবে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলগুলোতেও এ ধরনের আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

শেখ মুজিবুর রহমান হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের প্রাথমিক ধাপ শুরু হলো। এ উদ্যোগ শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রমে সহায়তা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।