বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিনটি ভবন উদ্বোধন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিংয়ের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মিরপুর সেনানিবাসে গতকাল রবিবার সেনাপ্রধান ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যে নিহিত। তিনি আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একটি দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিইউপির নবনির্মিত ভবনগুলোর উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিনটি নতুন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএসপিআর