নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। তা ছাড়া অতিরিক্ত ডিআইজিসহ আরও পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলার এসপি মোহাম্মদ হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপি, পিবিআইয়ের এসপি ফজলে এলাহীকে মাদারীপুরের এসপি ও ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুরের এসপি, পিরোজপুরে এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে টিডিএসের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার জসীম উদ্দিনকে পিটিসির (নোয়াখালী) পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারী) হিসাবে বদলি করা হয়। অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
অন্যদিকে ডিএমপিতে বদলি হওয়া তিন ডিসির মধ্যে ডিএমপির মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গোয়েন্দা মিরপুর বিভাগের সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে, কোয়ার্টার মাস্টার বিভাগের সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে, ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, গোয়েন্দা রমনা বিভাগের জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।