নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। গতকাল রবিবার উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ করে সকাল সাড়ে ৬টার দিকে অটো রাইস মিলে বয়লারের ভাট্টি বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হন। কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, দগ্ধ হওয়ার পর প্রায় এক ঘণ্টা পর্যন্ত শ্রমিকরা মাটিতে লুটিয়ে কাতরালেও কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেনি। পরে পরিবারের লোকজন খবর পেয়ে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
শ্রমিকদের অভিযোগ, এত ঝুঁকিপূর্ণ কাজেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জাম দেয়নি। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলেও তাদের হাসপাতালে নেওয়ার জন্য নেই অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা। ২০২১ সালেও এই একই রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে নিহত হয়েছিলেন।