শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। গতকাল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারক মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

ওইদিন এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা। এ নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারকের সংখ্যা এখন পাঁচজন।

আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।