সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর ১১ জন সংসদ সদস্যের পক্ষে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট আবেদনটি করেন। এতে মন্ত্রী পরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারীরা হলেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজীজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা (মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ) নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায়ও তারা অংশ নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।
অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ২০০১ সালে এ রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। হাইকোর্ট তখন দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। তিনি বলেন, ‘এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। রুলস অব বিজনেস, দেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত বেআইনি।’