দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

রেলওয়ের অফিসার্স কলোনির সেই বাসাটি সিলগালা

দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর সৈয়দপুর শহরের অফিসার্স কলোনির এস-২৩১ বাসাটি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল রবিবার সৈয়দপুর রেলওয়ে কারখানার উপ-সহকারী প্রকৌশলী সরিফুল ইসলাম বাসাটি সিলগালা করেন। এর আগের দিন রবিবার দেশ রূপান্তর পত্রিকায় ‘বরাদ্দ ছাড়াই বাস করেছেন দেড় বছর রেলের বিভাগীয় তত্ত্বাবধায়ক’ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) বরাদ্দ ছাড়াই প্রায় দেড় বছর বাসাটি দখলে রাখেন।

কারখানা সূত্র বলছে, ২০২৫ সালের ১৬ মার্চ সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) দায়িত্ব নেন শাহ সুফী নুর মোহাম্মদ। তার জন্য বাসা বরাদ্দ থাকা সত্ত্বেও তিনি কারখানার (ইজিপি) প্রকল্পের কম্পিউটার অপারেটর ইউসুফ আলীকে দিয়ে শহরের অফিসার্স কলোনির এস-২৩১ নম্বর বাসাটি বরাদ্দ ছাড়াই দখলে রাখেন। বাসাটির কোনো ভাড়া সরকারি কোষাগারে জমা পড়েনি। দেড় বছর ভাড়া না দিয়ে কীভাবে আরেকটি বাসা একজন শ্রমিক দিয়ে দখলে রাখা নিয়ে সংশ্লিষ্টরা প্রশ্ন তোলেন। সংবাদ প্রকাশের পর কারখানার উপ-সহকারী প্রকৌশলী সরিফুল ইসলাম বাসাটি সিলগালা করে দেন।