গুদামের সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না। গতকাল রবিবার দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য গুদামগুলোতে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কোনো ধরনের সিন্ডিকেট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ জন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্য গুদাম পরিদর্শন করা হবে। পরিদর্শনে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় যাতে খাদ্য নিয়ে কোনো সমস্যা তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে হবে।

খাদ্য গুদাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মুহাম্মদ অনিক ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন প্রমুখ।