রংপুরে ৪ খুন

সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ

রংপুরে আলোচিত অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চার খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল। এরপর কারাবন্দি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে আসামিদের নিরাপত্তার স্বার্থে টেকনোলজিস্টকে কারাগারে পাঠিয়ে নমুনা সংগ্রহের জন্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অনুরোধ জানায় গোয়েন্দা পুলিশ। অনুমতি পাওয়ার পরই তারা নমুনা সংগ্রহের জন্য কারাগারে যান। এ সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী ছিলেন।

রংপুর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, চার হত্যাকা-ের ঘটনাটি খুবই চাঞ্চল্যকর ও স্পর্শকাতর। তাই এ মামলার আসামিদের বাইরে নিয়ে আসা হলে তাদের ওপর হামলা বা মবের সৃষ্টি হতে পারে। এ আশঙ্কা থেকে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছিল। পরে টেকনোলজিস্টকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।