জুলাই মাস

বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ বেশি

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক ঋণ পেয়েছে, তার দ্বিগুণের বেশি অর্থ আগের নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ পরিশোধ করেছে। গতকাল রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে বাংলাদেশ ১৮০ দশমিক ১৮ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পেয়েছে। বিপরীতে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আগে নেওয়া ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করেছে ৪৫৩ দশমিক ২৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৫৮৭ কোটি ৯৬ লাখ টাকা।

ইআরডির তথ্য বলছে, গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড় হয়েছিল ২০৮ দশমিক ০৪ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের জুলাইয়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ ছাড় কমেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে, গত অর্থবছরের জুলাইয়ে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করেছিল ৪৪৬ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪ শতাংশ।