ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব রক্ষার্থেই ইরানকে রুখে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তি বা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা আরও একবার পরিষ্কার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক বোমার মালিক হতে দেওয়া হবে না। খবর আলজাজিরার।

সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বকে অত্যন্ত উগ্র ও ক্ষতিকর হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাদের মতো সরকারের কাছে পারমাণবিক অস্ত্র থাকা মানেই মহাবিপদ। তারা পরমাণু বোমার মালিক হতে পারবে না এবং তাদের সেটা করতে দেওয়াও হবে না।

মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, তবে তারা দেরি না করে তা ব্যবহার করে ফেলত। আর সেটি হলে পুরো মধ্যপ্রাচ্য বলতে গেলে মানচিত্র থেকেই মুছে যেত। তিনি মনে করেন, এমনটা ঘটলে প্রথমেই ধ্বংস হয়ে যেত ইসরায়েল। এমনকি ইসরায়েলের পর আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারত।

ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প আরও বলেন, যুদ্ধের শুরুতেই ইরান যখন পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে, তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। বিশ্বজুড়ে সবাই ইরানের এই পদক্ষেপে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তবে ট্রাম্পের ধারণা, এই হামলার মাধ্যমে ইরান বিশ্বমঞ্চে তাদের শেষ সহায় সম্বল ও সমর্থনটুকুও হারিয়ে ফেলেছে, যা কার্যত প্রতিপক্ষদের জন্য ভালোই হয়েছে।