নেপালকে ১০০ মিলিয়ন ওন দিলেন কোরিয়ান গায়ক লি নো

হিমবাহধসে নেপাল ও তিব্বতে সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর সহায়তায় ১০ কোটি কোরিয়ান ওন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা) দান করেছেন জনপ্রিয় গায়ক ও দক্ষিণ কোরিয়া ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো। রবিবার (৩০ আগস্ট) তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এ তথ্য জানিয়েছে।

২৮ আগস্ট আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার মাধ্যমে এই অর্থ দান করেছেন এই কোরিয়ান গায়ক। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া

এক বিবৃতিতে লি নো বলেন, আমি আশা করি, আমার এই অবদান কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের কিছুটা হলেও সহায়তা করবে। দুর্যোগে বাস্তুচ্যুত মানুষ এবং ঘটনাস্থলে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সবাই যেন যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই প্রত্যাশা করছি।

কোরিয়ান গায়ক লি নো। ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত অনুদান দিয়ে আসছেন লি নো। ২০২৪ সালে ওয়ার্ল্ড ভিশনের বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলা কর্মসূচিতে ১০ কোটি ওন দান করেন তিনি। এর মাধ্যমে সংস্থাটির বড় দাতাদের স্বীকৃতিমূলক ‘বব পিয়ার্স অনার ক্লাব’এর সর্বকনিষ্ঠ সদস্য হন তিনি।

২০২৫ সালে গুরুতর অসুস্থ রোগীদের সহায়তায় সিউলের স্যামসাং মেডিকেল সেন্টারে ১০ কোটি ওন এবং পরিত্যক্ত বিড়ালের চিকিৎসা ও পরিচর্যার জন্য একটি ক্যাট রেসকিউ সংগঠনকে আরও ১০ কোটি ওন দান করেন লি নো। এছাড়া একই বছর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল এবং হংকংয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পর ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য স্ট্রে কিডসের অন্য সদস্যদের সঙ্গেও অনুদান দিয়েছেন তিনি।