সংযুক্ত আরব আমিরাতের আল আইনে কর্মক্ষেত্রে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে প্রাণ হারিয়েছেন জামশেদুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক। শনিবার (৩১ আগস্ট) বিকেলে আল আইনের জিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত জামশেদুল ইসলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলামের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট আবুধাবির শিল্পনগরী মুসাফফাহ থেকে কাজের তাগিদে আল আইনে যান জামশেদুল। সেখানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সেখানে টানা ১৩ দিন কোমাচ্ছন্ন থাকার পর শনিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর থেকেই জামশেদুলের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। দেশে পরিবারের স্বজনেরা তার সুস্থ হয়ে ফেরার প্রহর গুনছিলেন, কিন্তু চিকিৎসকদের নিরলস চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে পাড়ি জমান।
পরিবারে আর্থিক সচ্ছলতা আনার লক্ষ্য নিয়ে প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন জামশেদুল। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার এমন হঠাৎ বিদায়ে পুরো পরিবারে এখন মাতম চলছে।
বর্তমানে নিহতের মরদেহ আল আইনের জিমি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ধাপগুলো শেষ করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।