নেপালে ভয়াবহ বন্যা

নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস রাবি প্রশাসনের

সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগে উদ্বেগ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্যের কনফারেন্স রুমে নেপালি শিক্ষার্থীদের সঙ্গে রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দুর্যোগে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নেপালি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নেপালে সংঘটিত ভয়াবহ দুর্যোগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। এই মর্মান্তিক ঘটনায় আপনারা যেমন ব্যথিত ও মর্মাহত, আমরাও তেমনি কষ্ট পেয়েছি। আপনাদের এই দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের পাশে আছে।

তিনি বলেন, আপনারা নেপাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছেন। আপনারা শুধু বিদেশি শিক্ষার্থী নন, আমাদের অতিথি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। তাই সংকটময় সময়ে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। নেপালে থাকা পরিবার ও স্বজনদের নিয়ে আপনারা উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক। দেশে যোগাযোগে কোনো সমস্যা হলে, সহায়তার প্রয়োজন হলে কিংবা ব্যক্তিগত কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন। ছাত্র উপদেষ্টা দপ্তর আপনাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে।

নেপালি শিক্ষার্থীদের উদ্দেশে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, নেপালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে আমরাও আপনাদের মতো ব্যথিত। আপনারা পরিবার ও স্বজনদের ছেড়ে দূরদেশে পড়াশোনা করছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের অভিভাবক হিসেবে সবসময় পাশে রয়েছে। যেকোনো সমস্যা বা প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। এই সংকটময় সময়ে আপনারা নিজেদের একা মনে করবেন না; বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।

এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।  এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ডরমিটরির পরিচালক ড. মো. আবু বকর পিকে, ডরমিটরির ওয়ার্ডেন, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২২ জন নেপালি শিক্ষার্থী।