অন্য অধ্যায়ে বন্যা মির্জা

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। মাঝখানে দীর্ঘদিন দেশের জনপ্রিয় একটি নিউজপোর্টালেও কাজ করেছেন। তবে সব ছেড়ে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অভিনেত্রী বন্যা মির্জা। প্রবাসজীবনে অভিনয়ের সঙ্গে তার সম্পৃক্ততায় এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। 

‘নেমেসিস’ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো নিউইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটির নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি, যিনি দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। থিয়েটার ৭১-এর আয়োজনে বাংলা ভাষার এ নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকায়। প্রদর্শনী সামনে রেখে বেশ কিছুদিন ধরে নাটকটির মহড়া চলছে। দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত বন্যা মির্জা। নিউইয়র্কের দর্শকের সামনে বাংলাদেশের একটি বাংলা নাটক নিয়ে হাজির হওয়ার বিষয়টিকে বিশেষভাবে দেখছেন তিনি। 

বিষয়টি নিয়ে বন্যা মির্জা বলেন, ‘মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। বাংলাদেশের একটি বাংলা নাটক নিউইয়র্কের মতো জায়গায় মঞ্চায়ন হতে যাচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। নাটকটি দেখার পর দর্শকই বলতে পারবে, আমরা কতটা সফল হতে পেরেছি। আমরা কোনো চেষ্টার কমতি রাখছি না। নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।’ 

মাসুম রেজা রচিত নেমেসিস নাটকের গল্প ও নির্দেশনা নিয়েও সন্তুষ্ট বন্যা মির্জা। নাটকটির মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এর আগে ঢাকায় মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত একক নাটক ‘পারো’-তে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেত্রী।