বিয়ের খবর ও ছবি প্রকাশ করলেন মিষ্টি জান্নাত

অবশেষে গোপনেই বিয়ের কাজটি সম্পন্ন করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোমবার (৩১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মিষ্টির স্বামী একজন ব্যবসায়ী। তবে এর বেশি আপাতত আর কিছু প্রকাশ করতে চান না তিনি। বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে তিনি জানান, এসব তথ্য বলা যাবে না। শুধু জানিয়েছেন, বিয়েটা বাংলাদেশেই হয়েছে। স্বামী ব্যবসায়ী হলেও  মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে জানালেও স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি নায়িকা। 

মিষ্টি বলেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, ‘সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো সাসপেন্স থাকবে না। তবে আমাদের বিয়েটা হুট করে হয়নি। অনেক আগেই বিয়ে করেছি আমরা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করিনি। বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় আমি বিরক্ত হয়ে উঠেছিলেন।’ 

মিষ্টি জান্নাত আরও বলেন, ‘বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছি। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’