নাটোরের গুরুদাসপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাহাবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ এবং বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। তাদের কণ্ঠে ও পরিবেশনায় উঠে আসে বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার সেই চিরন্তন নজরুলচেতনা।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা ও মুক্তচিন্তার প্রতীক। তার সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নজরুল প্রেমীরা উপস্থিত ছিলেন।
গান, কবিতা আর স্মৃতিচারণে পুরো হলরুমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সময় বদলালেও নজরুলের কণ্ঠে উচ্চারিত সাম্য ও মানবতার বাণী যে আজও সমান প্রাসঙ্গিক—গুরুদাসপুরের এ আয়োজন যেন সেটিই আবার স্মরণ করিয়ে দিল।