বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পল্লব কারাগারে

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজার আমলগ্রহণকারী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক নাজমুল হাসান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুইটি মামলায় পল্লবকে গ্রেফতার দেখানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার ও সিলেটের বিভিন্ন থানায় আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে ১৫-১৬টি মামলা দায়ের হয়। জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে এসব মামলা হয়।

গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন পল্লব। তবে গত শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে। পরদিন রবিবার তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিলেটে এনে রবিবার রাতে তাকে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়।