সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে টানা চতুর্থ মাসের মতো একই দামে বিক্রি হবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন।
সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। তবে সেপ্টেম্বর মাসে কোনো ধরনের সমন্বয় না করে আগের মাসের দামই বহাল রাখা হয়েছে।
এর আগে জুন, জুলাই ও আগস্ট মাসেও একই দাম বহাল ছিল। ফলে জুন থেকে সেপ্টেম্বর—টানা চার মাস জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না।