শেফিল্ডে নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হামজা চৌধুরী

লেস্টার সিটির সঙ্গে প্রায় ২০ বছরের দীর্ঘ সম্পর্কের পাট চুকিয়ে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে ২৮ বছর বয়সী এই তারকাকে এক বছরের প্রাথমিক চুক্তিতে ব্রামল লেনে ফিরিয়ে আনলেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচের প্রসঙ্গ টেনে ও দলের চোট সমস্যা নিয়ে শেফিল্ড ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, 'কার্ডিফ ম্যাচের পর আমি বলেছিলাম আমাদের দল শক্তিশালী করা দরকার। বর্তমান এক-দুটি চোটের পরিস্থিতিতে রাইট-ব্যাকে প্রতিযোগিতা বাড়ানো অপরিহার্য ছিল। আমরা সবাই জানি হামজা সেই ভূমিকা এবং তার চেয়েও বেশি কিছু দেওয়ার ক্ষমতা রাখে। প্রথম দফায় কাটানো শেষ ১০ ম্যাচে সে ছিল আমাদের অন্যতম সেরা খেলোয়াড়, যার মধ্যে প্লে-অফ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও অন্তর্ভুক্ত ছিল।'

উল্লেখ্য, ২০২৪/২৫ মৌসুমের দ্বিতীয়ভাগে ধারে শেফিল্ডে খেলার আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে থাকাকালেও কোচ ওয়াইল্ডারের অধীনে খেলেছেন হামজা। পুরনো ও বিশ্বস্ত কোচের অধীনে ফের স্থায়ীভাবে যোগ দিতে পেরে রোমাঞ্চিত হামজা বলেন, 'আমি ওয়াটফোর্ডে স্বল্প সময়ের জন্য কোচের অধীনে কাজ করেছি এবং এরপর অবশ্যই শেফিল্ডে আমার শেষ স্পেলে তাঁর সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সবসময় যোগাযোগ ছিল এবং তাঁর অধীনে খেলতে আমি সত্যিই খুব ভালোবাসি। ২০ বছর লেস্টারে কাটানোর পর এটি আমার ও আমার পরিবারের জন্য বড় একটা পরিবর্তন, তবে এই নতুন চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি। আশা করি আমরা এখানে দুর্দান্ত একটি মৌসুম কাটাতে পারব।'
 
লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির হয়ে ঐতিহাসিক এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। তবে ক্লাবটি থার্ড টায়ারে (লিগ ওয়ান) অবনমিত হওয়ার পর তাদের বেতন কাঠামোর চাপ কমাতে মূলত ফ্রি-ট্রান্সফার চুক্তিতে হামজাকে ছেড়ে দিতে সম্মত হয় লেস্টার।

গত মঙ্গলবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচে প্রথম পছন্দের রাইট-ব্যাক ফেমি সেরিওকি মারাত্মক চোটে পড়ায় হামজার এই বহুমুখী প্রতিভা শেফিল্ডের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

আগামীকাল মঙ্গলবার রাতে ব্রামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচেই শেফিল্ডের জার্সিতে পুনরায় অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।